ঈদের পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে সোমবার থেকেই চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে নারীদের জন্য পৃথক যাত্রার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদের পর দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনা রয়েছে।
মেট্রোরেল প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। নতুন কোচ যুক্ত করা হলে এই সময় আরও কমিয়ে আনা সম্ভব হবে।
এছাড়া প্রবীণ ও প্রতিবন্ধীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এই কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাওয়া যাবে।
টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না বলে তিনি উল্লেখ করেন।
আর/আই