দেশজুড়ে

১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবুল (৫০)কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ২১ দিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

রোববার (১৯ জুলাই) সকালে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গতকাল  সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বয়ে র‍্যাব-১২ ও র‍্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আটক রফিকুল ইসলাম শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের বাসিন্দা এবং আজাহার প্রামানিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন দুপুরে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। পরদিন পুনরায় একই ধরনের অপকর্মের চেষ্টা করলে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ