আন্তর্জাতিক

রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘোষণা কিয়ার স্টারমারের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হাউস অব কমন্সে নিজের শেষ ‘প্রাইম মিনিস্টারস কোয়েশ্চেনস’ (পিএমকিউ) অধিবেশনে আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন। দুই বছরের শাসনকাল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করে বলেন, দেশের দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) তিনি লেবার পার্টির নেতৃত্ব ছাড়বেন। এরপর সোমবার আনুষ্ঠানিকভাবে ১০ ডাউনিং স্ট্রিট থেকেও বিদায় নেবেন।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে স্টারমার স্মরণ করেন, কীভাবে লেবার পার্টি ২০১৯ সালের হতাশাজনক নির্বাচনী পরাজয় কাটিয়ে ২০২৪ সালে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময়ের তুলনায় বর্তমানে দেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। দুই বছরের সরকারের অর্জন নিয়ে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

লেবার পার্টির আইনপ্রণেতা ক্যারোলিন হ্যারিসের এক প্রশ্নের জবাবে স্টারমার নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। হ্যারিসকে নিজের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি দলের সহকর্মী, আইনপ্রণেতা, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্টারমারের বিদায়ের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম।

উত্তরসূরির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্টারমার বলেন, নতুন সরকার এবং পার্লামেন্টের সহকর্মীদের পাশে তিনি ভবিষ্যতেও থাকবেন।

এদিকে কনজারভেটিভ পার্টির নেতা কেমি বাদেনক নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যামকে উদ্দেশ করে বলেন, গ্রীষ্মকালীন ছুটির আড়ালে না থেকে তার উচিত পার্লামেন্টে এসে সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়া। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নতুন নেতৃত্ব কোনো ‘জাদুকরি সমাধান’ নয়।

এর জবাবে স্টারমার বলেন, বিরোধীদলীয় নেতা এতদিন যেভাবে তাকে কঠিন প্রশ্নের মুখোমুখি করেছেন, নতুন প্রধানমন্ত্রীকেও একইভাবে জবাবদিহির আওতায় রাখবেন বলেই তিনি বিশ্বাস করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে দর্শক গ্যালারিতে উপস্থিত নিজের পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার।

তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষ এবং যাদের জীবনমান লেবার সরকারের সময়ে উন্নত হয়েছে, তাদের কথাই তাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছে। শেষে স্ত্রী ও সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করে সবার কাছ থেকে বিদায় নেন তিনি।

এদিন পার্লামেন্টের অধিবেশনে স্টারমার, বিরোধীদলীয় নেতা কেমি বাদেনক এবং লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি সম্প্রতি প্রয়াত সাবেক কনজারভেটিভ মন্ত্রী অ্যান উইডিকম্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় এড ডেভি বিদায়ী প্রধানমন্ত্রী স্টারমারকে ‘একজন সত্যিকারের দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করে জনসেবায় তার অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাজ্য #কিয়ার স্টারমার #বিদায়ী ভাষণ