কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ভাষ্য, প্রতিশোধমূলক ‘অপারেশন লাইটনিং’-এর দশম ধাপের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনাগুলোতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানায়, আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা একটি সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের একটি সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চলানো হয়।
তবে কুয়েত, বাহরাইন কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ইরানের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করেনি। একই সঙ্গে হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও জানায়নি সংশ্লিষ্ট দেশগুলো।
এমএ//