চলমান বন্যায় ব্যাপক প্রাণহানির জন্য সাবেক ‘ফ্যাসিস্ট’ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প এবং পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অবকাঠামো নির্মাণের ফলেই দেশের বিভিন্ন এলাকায় বন্যার তীব্রতা বেড়েছে। এর প্রভাবেই এত মানুষের প্রাণহানি ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।
তার দাবি, এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এসি//