দেশজুড়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৫ জুলাই একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান। একই দিনে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন। সেই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
প্রতিটি বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছের সমন্বয়ে মোট পাঁচটি চারা রোপণ করতে হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
পি/ডি