প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে বরিশাল পৌঁছেছেন। সফরের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টায় রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রায় সাড়ে ৯টায় তিনি বরিশালে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী- প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
পি/ডি