দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার, এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আজ (১২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা প্রদানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি। সভায় বিএনপির ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে সরকার প্রধান হিসেবে তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেন স্থায়ী কমিটির সদস্যরা।
সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন সামনে রেখে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহাসচিব মির্জা ফখরুলকে দায়িত্ব দেওয়া হয়। এতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের ওপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।
প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে চলমান বন্যা ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোচনা হয়।
আই/এ