বিনোদন

ঢাকায় আতিফ আসলামের সঙ্গে একই মঞ্চে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সংগীতপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক এই কনসার্ট। এ কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন আতিফ। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। 

ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের গেট দুপুর ২টায় খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান গণমাধ্যমকে জানান, চলতি বছরের অন্যতম বড় এই আয়োজন ঘিরে পুরো টিম উচ্ছ্বসিত। তার আশা, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক মিলনমেলায় পরিণত হবে।

উল্লেখ্য, এই কনসার্টটি প্রথমে গত বছরের ১৩ ডিসেম্বর আয়োজনের পরিকল্পনা ছিল। প্রস্তুতি প্রায় শেষ হলেও তৎকালীন নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে আয়োজকরা প্রতিশ্রুতি দেন, উপযুক্ত সময়ে নতুন তারিখে কনসার্টটি অনুষ্ঠিত হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ২৪ জুলাই।

            

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #আতিফ আসলাম #মেঘদল #লেভেল ফাইভ