টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর সহায়তায় আরও ৩১১ জন পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে সাজেকে আটকে পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে এ পর্যন্ত ৪৬১ জনই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বাকি প্রায় ১০০ জন পর্যটককে দ্রুতই পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে সাজেক সড়কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে এই বিপুল সংখ্যক পর্যটক সেখানে আটকা পড়েন।
উদ্ভত পরিস্থিতিতে গত মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসন জানায়, রাঙামাটির বিভিন্ন পয়েন্টে পাহাড়ধসের ঝুঁকি ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সরকারি এই সিদ্ধান্তের পর নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে না পারলেও, আগে থেকে অবস্থান করা পর্যটকেরা সেখানে আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে বর্তমানে বিশেষ এসকর্টের মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
আর/আই