টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সাজেক পর্যটনকেন্দ্র। এর আগে ভারী বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েন প্রায় ৬০০ পর্যটক।
বুধবার (৮ জুলাই) দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্যার পানি উপকেন্দ্রের ট্রান্সফরমারের একেবারে কাছাকাছি পর্যন্ত পানি চলে এসেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ফলে দীঘিনালা উপজেলা ও সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘সাজেক ও দীঘিনালা সড়কের মাচালং ও বাঘাইহাট এলাকা পানিতে ডুবে যাওয়ার কারণে সকাল সাড়ে ১০টায় সাজেক থেকে কোনও পর্যটকবাহী গাড়ি ছেড়ে যেতে পারেনি। বর্তমানে ৬০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন।’
তিনি বলেন, পর্যটকদের কাছ থেকে কোনও ধরনের হোটেলভাড়া আদায় করা হবে না। কেবল পানির বিল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন তারা। খাওয়াদাওয়ার বিষয়েও সহায়তা করা হবে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘ঠিক কতজন পর্যটক আটকা পড়েছেন, জানতে আমরা প্রতিটি রিসোর্টে লোক পাঠিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। পানি কমে গেলে তাদের কীভাবে নিরাপদে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চলছে।’
আই/এ