দেশজুড়ে

সাজেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে এই গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা গোলাগুলির  এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন । 

পুলিশ  জানায়, সাজেক ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মূল দলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জেরে শনিবার দুপুরে কলাবুনিয়া দুর্গম পাহাড়ি এলাকায় উভয় পক্ষের সশস্ত্র ক্যাডাররা মুখোমুখি অবস্থান নেয় এবং গোলাগুলি শুরু হয়। 

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দূর থেকে পরিস্থিতি কড়া নজরদারিতে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

দীর্ঘ সময় ধরে চলা এই গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এমজে/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাজেক