তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল ২২ অক্টোবর থেকে আবারও খাগড়াছড়ির সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সাজেকে অবস্থানরত পর্যটকদের আজকের মধ্যে এলাকা ছেড়ে ফেরার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে এক যৌথ বিবৃতিতে অবরোধের এ ঘোষণা দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করে সংগঠন দুটি।
১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি। পরে প্রশাসনের আশ্বাসে দুই দফায় কর্মসূচি শিথিল করা হয়।
যৌথ বিবৃতিতে নেতারা জানান, অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
আই/এ