ডিজেল পরিমাপে কারচুপি করার অপরাধে রাজধানীর রমনা ফিলিং স্টেশন দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া মাপে কম দেয়ায় পেট্রোল পাম্পের ২ টি ইউনিট সিলগালা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, রমনা ফিলিং স্টেশন ৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাই শেষে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়।
গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহিদুল আলম।
আই/এ