দেশজুড়ে

বিএনপি নেতার মারধরে জামায়াত নেতার মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তার চাচা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।       

শনিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্রাটের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান।

পুলিশ জানিয়েছে, ভেলুরচক গ্রামের দুই ভাই রফিক আকন্দ ও আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ জুন) উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়।  এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে গুরুতর আহত হন সম্রাট।   

এ ঘটনায় রফিক আকন্দ ও তার স্ত্রী জোসনা বেগমও আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি জানান, এটি মূলত একই পরিবারের দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটে যাওয়া সংঘর্ষ। নিহত ও অভিযুক্তের রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও প্রাথমিকভাবে ঘটনাটিকে জমি নিয়ে বিরোধের ফল বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #দুপচাঁচিয়া