দেশজুড়ে

পরীক্ষা চলাকালে মাতলামির ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে ধারণ করা ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষা প্রশাসন তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষককে তার কার্যালয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক অসংলগ্নভাবে কথা বলেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা বিদ্যালয়ে এসে তাকে বাড়িতে নিয়ে যান।

ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ব্যক্তিগত মানসিক সমস্যার কারণে তিনি মদ পান করেছিলেন। ওই সময় তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তাই কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম সেখ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। তার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #প্রধান শিক্ষক #প্রধান শিক্ষকের মাতলামি