আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫, আহত ১২৪০০

ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১২ হাজার ৪০০ জন। 

বৃহস্পতিবার (০২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, সর্বশেষ হতাহতের পরিসংখ্যান প্রকাশের আগে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়েছে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য মিলিয়ে নিশ্চিত হওয়ার পরই সরকার এই সংখ্যা প্রকাশ করেছে।

রদ্রিগেজ জানান, শুরুতে মৃত হিসেবে তালিকাভুক্ত পাঁচজনকে পরে জীবিত অবস্থায় শনাক্ত করা হয়। দেশটির আঙুলের ছাপভিত্তিক ভর্তুকিযুক্ত জ্বালানি ব্যবস্থার তথ্য ব্যবহার করে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তার ভাষায়, “যথাযথভাবে প্রমাণিত নয়—এমন কোনো সংখ্যা আমরা প্রকাশ করতে চাই না।”

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আরও জানান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে অনুদান ও ঋণ সহায়তা নিয়ে আলোচনা চলছে।

সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রম শুরু করতে প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অনুদান গ্রহণের জন্য সিএএফ–ডেভেলপমেন্ট ব্যাংক অব লাতিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান-এ একটি বিশেষ তহবিল হিসাব খোলা হয়েছে।

রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করতে ইসরাইলি বিশেষজ্ঞদের একটি দল ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক ডিজিটাল মূল্যায়ন অনুযায়ী, আবাসন, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের বসতবাড়ি হারিয়েছেন। অন্যদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তথ্যসূত্র: আনাদোলু

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভেনেজুয়েলা