শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবর শুনে প্রথমে বিষয়টিকে কৌতুক বলে মনে করেছিলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। পুরস্কার পাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, আরও বেশি করতালি পেলে পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন তিনি।
গত শুক্রবার (০৯ অক্টোবর) নরওয়েজীয় নোবেল কমিটি চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করে। নরওয়ের রাজধানী অসলোতে সংবাদ সম্মেলন করে তার নাম জানান কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস।
সংবাদ সম্মেলনে ফ্রিডনেস জানান, তাৎক্ষণিকভাবে তারা নাভি পিল্লাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এ সময় হাস্যরসের ছলে তিনি বলেন, ‘তার প্রতি আমার বার্তা হবে, “আপনি যদি নরওয়েজীয় কোনো নম্বর থেকে ফোন আসতে দেখেন, তবে অনুগ্রহ করে ফোনটি ধরুন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই।”’
এদিকে ক্রিস্টফ নামের এক ব্যক্তির কাছ থেকে নোবেল পুরস্কার পাওয়ার খবরটি জানতে পারেন নাভি পিল্লাই।
তিনি জানান, পড়ার টেবিলে থাকার সময় ক্রিস্টফ তাকে ডেকে এ সুখবর দেন। এ সময় কয়েকজন সেখানে জড়ো হয়ে তাকে অভিনন্দন জানাতে থাকেন।
অভিনন্দন জানাতে আসা ব্যক্তিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নাভি পিল্লাই বলেন, ‘এটি নিশ্চয়ই একটি কৌতুক! আপনাদের এই করতালি আমার কাছে অনেক মূল্যবান। তবে একজন আইনজীবী ও বিচারক হিসেবে, আমি বিষয়টি যাচাই করে নিতে চাই।’

এরপর রসিকতা করে তিনি বলেন, ‘আপনারা যদি আরেকটু বেশি তালি দেন, তবে আমি হয়তো এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি।’
নাভি পিল্লাইয়ের নোবেলজয়ী হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি জানান, জার্মানিতে নাভি পিল্লাইয়ের সঙ্গে রয়েছেন তিনি।
ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে ক্যালামার্ড লেখেন, ‘আমরা নুরেমবার্গ আদালতে আছি। তার নোবেল পুরস্কারের জন্য এর চেয়ে শক্তিশালী প্রতীকী বিষয়… আমি আর ভাবতেই পারছি না। আমরা সবাই ভীষণ রোমাঞ্চিত!’
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছেন। তার পূর্বসূরির এই অর্জনকে মানবাধিকারের জন্য ‘সমষ্টিগত বিজয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে ফলকার টুর্ক বলেন, ‘আমি আমার বড় বোন নাভি পিল্লাইকে এই দুর্দান্ত ও অসাধারণ পুরস্কারের জন্য উষ্ণ অভিনন্দন জানাই।’
উল্লেখ্য, গত বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল পদক উপহার দিয়েছিলেন। সেই ঘটনার পর নাভি পিল্লাইয়ের পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে করা রসিকতা নতুন করে আলোচনায় এসেছে।
তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, একবার পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল করা, ভাগ করে দেওয়া কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করার সুযোগ নেই।
এসি//