চলচ্চিত্র পাড়ায় বইছে ভোটের হাওয়া। আগামী দুই বছরের জন্য নিজেদের যোগ্য অভিভাবক বেছে নিতে আজ ব্যালটের মাধ্যমে রায় দিচ্ছেন অভিনয় শিল্পীরা। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।
শুক্রবার (০৩ জুলাই) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দিচ্ছেন সাধারণ শিল্পীরা।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
এবারের নির্বাচনি মাঠে মূল লড়াই জমছে দুটি প্যানেলের মধ্যে। যেখানে একটি প্যানেলের হাল ধরেছেন শিবা শানু ও জয় চৌধুরী, তাঁদের প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত প্যানেল সাজিয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।
গত বুধবারের প্যানেল পরিচিতি সভায় দুই পক্ষের প্রার্থীদের কণ্ঠেই ছিল বিজয়ের শতভাগ আত্মবিশ্বাস। সেই সাথে জয়ী হলে সাধারণ শিল্পীদের সুযোগ-সুবিধা ও সামগ্রিক উন্নয়নের ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন উভয় প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এফডিসিজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তার নিশ্ছিদ্র বলয়। পুলিশ বাহিনীর পাশাপাশি কড়া নজরদারি রাখছেন র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এবারের নির্বাচন সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, এবং তার সহযোগী হিসেবে আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
এছাড়া ভোট পরবর্তী যেকোনো বিতর্ক বা আইনি জটিলতার সুরাহা করতে আপিল বোর্ডে থাকছেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
আর/আই