খেলাধুলা

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই গাজায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

স্পোর্টস ফিচার

একদিকে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, অন্যদিকে গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

ক্লাব ক্যারিয়ারে খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা স্পোর্টস ক্লাব এবং আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের জার্সিতেও খেলেছেন আল-আশকার। স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন সুপরিচিত এক গোলরক্ষক।

মাঠের বাইরেও তার জীবনে শুরু হয়েছিল নতুন এক অধ্যায়। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন আল-আশকার। তাই তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় শোক বয়ে এনেছে।

ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই পরিসংখ্যান গাজার ক্রীড়াঙ্গনে চলমান মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্রই তুলে ধরে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিনি গোলরক্ষক #গাজা #ইসরাইলি হামলা #নিহত #সেলিম খাদের আল-আশকার