২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে এ বছর ২৯ জুন পর্যন্ত সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল বাবদ মোট রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা। এ অর্থ দিয়ে সরকারের কোষাগারে ঋণের ১৬টি কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সরকারের অর্থ বিভাগের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদহারে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। প্রতি অর্থবছরে চার কিস্তিতে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হবে। এখন পর্যন্ত সরকারকে দেওয়া ১৬টি কিস্তির কোনো টাকা বকেয়া নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদায় করা টোলের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে এখন পর্যন্ত ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সেতুর সার্বিক নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হচ্ছে।
টোল আদায়ের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিভাগের সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
আই/এ