ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮মে) বিকেলে এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নম্বরবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে দুই বন্ধু পদ্মা সেতু দেখতে যাচ্ছিলেন। পথে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন শেখ নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিডি