দেশজুড়ে

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙ্গচুর ও  আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা প্রশাসন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান।

তিনি বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে রয়েছে।’

স্থানীয়রা জানান, আজ সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে পাটগাতী বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।

এদিকে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলায় বড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়। 

এদিকে দুপুরে গোপালগঞ্জের পাটগাতী টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #বিজিবি