ভারতীয় সিনেমার পরিচিত মুখ প্রকাশ রাজ নতুন করে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন। একাধিক রাজ্যের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বারবার আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত।
জানা গেছে, বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেয়। আদালতের পক্ষ থেকে একাধিকবার হাজিরার নির্দেশ পাঠানো হলেও নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় বিচারক কঠোর অবস্থান নেন। এর ফলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিনেতার গ্রেপ্তারের সম্ভাবনাও তৈরি হয়েছে।
মামলাটির সূত্রপাত ২০১৯ সালে। দিলীপ কুমার নামের এক আইনজীবী অভিযোগ করেন, প্রকাশ রাজের নাম কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা—এই চার রাজ্যের ভোটার তালিকায় নিবন্ধিত ছিল। ভারতের নির্বাচনী বিধিমালা অনুযায়ী, একজন নাগরিক একই সময়ে একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন না।
অভিযোগের বিষয়ে শুরু থেকেই নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রকাশ রাজ।
তার দাবি, তিনি কেবল তামিলনাড়ুতেই ভোটার হিসেবে নিবন্ধিত এবং একাধিক ভোটার আইডি থাকার অভিযোগ ভিত্তিহীন।
আইন বিশেষজ্ঞদের মতে, অ-জামিনযোগ্য পরোয়ানা জারি হলেও এর অর্থ এই নয় যে অভিনেতাকে তাৎক্ষণিকভাবে কারাগারে যেতে হবে। চাইলে তার আইনজীবীরা উচ্চ আদালতে গিয়ে পরোয়ানা স্থগিত বা অন্য কোনো আইনি সুরক্ষার আবেদন করতে পারেন। তবে আদালতের সাম্প্রতিক নির্দেশে তার ওপর চাপ যে আরও বেড়েছে, তা স্পষ্ট।
এদিকে ভোটার আইডি সংক্রান্ত বিতর্কের মধ্যেই সম্প্রতি কর্ণাটকের ধর্মস্থল ইস্যুতেও আলোচনায় আসে প্রকাশ রাজের নাম। একটি বিতর্কিত রিট আবেদনে তার সঙ্গে এক ব্যক্তির ফোনালাপের বিষয় উল্লেখ করা হয়। যদিও এ বিষয়ে অভিনেতার বক্তব্য, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি যে তথ্য পেয়েছিলেন, তা দ্রুত বিশেষ তদন্ত দলের (এসআইটি) প্রধানের কাছে পৌঁছে দিয়েছেন।
তার ভাষ্য, তিনি কেবল নাগরিক দায়িত্ব পালন করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
পি/ডি