জাতীয়

আগস্টেই চালু হতে পারে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সেবা

পাবনা প্রতিনিধি

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আগামী আগস্ট মাস থেকে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম।

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, নতুন ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে পৌঁছানোর কথা রয়েছে। কোচগুলো হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই দেশের আরও দুটি নতুন রেলসেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রথমে ঢাকা-পাবনা এবং পরে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ সংক্রান্ত বেশিরভাগ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট মহলের মতে, সরাসরি ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে পাবনার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। এতে যাত্রীদের সময় ও খরচ কমার পাশাপাশি সড়কপথের ওপর চাপও কিছুটা হ্রাস পাবে। একই সঙ্গে যাতায়াতে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

সভায় মন্ত্রী বলেন, সরকার জনসাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে কাজ করছে। আধুনিক ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে মানুষের ভোগান্তি কমানোই সরকারের লক্ষ্য।

এ ছাড়া কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রকল্পের অগ্রগতির বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুতের কাজ শেষ হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা-পাবনা #রেল