বিনোদন

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ দোররা মারার নির্দেশ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

হিজাব ছাড়া অনলাইনে কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে ইরানের জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমাদি ও তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪ দোররা (বেত্রাঘাত) মারার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কোয়ম প্রদেশের একটি ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। আদালতের অভিযোগ, অভিযুক্তরা এমন অনলাইন কনটেন্ট প্রকাশ করেছেন যা সামাজিক শালীনতা ও জনশৃঙ্খলার পরিপন্থী এবং অনৈতিক আচরণকে উৎসাহিত করে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় ২৯ বছর বয়সি পারাস্তু আহমাদি নিজের ইউটিউব চ্যানেলে একটি সরাসরি সম্প্রচারিত কনসার্ট আয়োজন করেন। সেখানে হিজাব ছাড়া উপস্থিত হয়ে তিনি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর গায়িকা ও তার দলের সদস্যদের অল্প সময়ের জন্য আটক করা হয়। পরে তারা মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলতে থাকে। সর্বশেষ আদালতের রায়ে বেত্রাঘাতের নির্দেশের পাশাপাশি পারাস্তুর ওপর দুই বছরের কার্যক্রম নিষেধাজ্ঞা এবং বিদেশ সফরে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

রায় ঘোষণার পর মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্ত শুধু একটি বিচারিক রায় নয়, বরং শিল্পীসত্তা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর চাপের প্রতিফলন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হিজাব #ইরান #পারাস্তু আহমাদি #দোররা