আইন-বিচার

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ও আদিবা রুহুল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং ব্যারিস্টার আদিবা রুহুল। 

শনিবার (১৩ জুন) বার কাউন্সিল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ফলাফল প্রকাশের পর জাইমা রহমান নিজের ফেসবুক পোস্টে পরীক্ষায় সফল হওয়ার খবর শেয়ার করেন। একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কন্যা আদিবা রুহুলও।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় তিনটি ধাপ রয়েছে— এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই একজন প্রার্থী আইন পেশায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সুযোগ পান। এছাড়া লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী সময়ে তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার নীতিমালা, দিকনির্দেশনা ও মূল্যায়ন সংক্রান্ত বিষয়গুলো তদারকি করে থাকে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে জাইমা রহমান ও আদিবা রুহুল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাইমা রহমান #বাংলাদেশ বার কাউন্সিল