আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন বয়সসীমা কার্যকরের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী সব কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।
এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনকারী প্রার্থীদের বয়স যাচাইসহ সংশ্লিষ্ট কার্যক্রম নতুন নিয়ম অনুযায়ী পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসি//