খেলাধুলা

শেষ হচ্ছে অপেক্ষা, মাঠে গড়াচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’

স্পোর্টস ডেস্ক

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন উত্তর আমেরিকায়। সব প্রস্তুতি শেষে পর্দা উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর—ফিফা বিশ্বকাপ ২০২৬। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল লড়াই।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ম্যাক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এক মাসের বেশি সময় ধরে চলা এই আসরে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেনসহ বিশ্ব ফুটবলের বড় দলগুলো শিরোপার জন্য লড়বে। নতুন ফরম্যাট, বাড়তি দল এবং তিন দেশের যৌথ আয়োজন—সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উত্তেজনা।

এবারের আসর নানা দিক থেকেই ঐতিহাসিক। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। একই সঙ্গে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। দল ও ম্যাচের সংখ্যা বাড়ায় এবারের আসরকে ঘিরে আগ্রহও অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

বিশ্বকাপ শুরুর আগে তিন আয়োজক দেশেই থাকবে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা হলেও পরস্পর-সংযুক্ত তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। একই থিমের ওপর সাজানো এসব অনুষ্ঠান তিন আয়োজক দেশকে এক সুতোয় বাঁধার পাশাপাশি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি, পরিচয় ও সৃজনশীল প্রতিভা তুলে ধরবে। প্রতিটি অনুষ্ঠান শুরু হবে স্বাগতিক দেশের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে।

বাংলাদেশেও বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। প্রিয় দলের পতাকা, জার্সি, রাতজাগার প্রস্তুতি আর পাড়া-মহল্লার আড্ডায় জমে উঠেছে ফুটবল উৎসব। এখন শুধু প্রথম বাঁশির অপেক্ষা—তারপরই শুরু হবে গোল, উল্লাস, হতাশা আর স্বপ্নভাঙা-স্বপ্নগড়ার এক মাসের মহাযজ্ঞ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ #ফিফা বিশ্বকাপ #ফিফা বিশ্বকাপ ২০২৬