আর মাত্র এক ঘণ্টা বাকি জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করা হতে পারে, যা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বাজেট বক্তব্য অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় আছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
তবে প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতা খাতে সরাসরি বড় ধরনের অতিরিক্ত বরাদ্দ দেখা যাচ্ছে না। মোট বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কিছুটা বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়ায়। পাশাপাশি জনপ্রশাসন খাতে এবার মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগের অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি।
তবে এই অতিরিক্ত বরাদ্দের পুরো অংশই বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না বলে জানা গেছে। এর একটি অংশ নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের সুবিধা বৃদ্ধিতেও ব্যবহার করা হবে।
এছাড়া ধারণা করা হচ্ছে, নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে তিনটি অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রাথমিকভাবে আগামী অর্থবছরেই সংশোধিত মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকর করার পরিকল্পনা থাকতে পারে।