সাত দশকেরও বেশি সময়ের প্রচলিত কূটনৈতিক প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিক বিপুলকে সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। ১৯৪৮ সালে ভারত–সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে এতদিন সাধারণত এই পদে মুসলিম কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হতো।
কূটনৈতিক মহলের মতে, এতদিন রিয়াদে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে মুসলিম কূটনীতিক নিয়োগের পেছনে ধর্মীয় নয়, বরং বাস্তবিক প্রয়োজনই মূল কারণ ছিল। প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় মুসলিম হজ পালনের জন্য সৌদি আরব যান। তাঁদের হজ ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের সুবিধার জন্য রাষ্ট্রদূতকে প্রায়ই মক্কা, মদিনা ও মিনার মতো পবিত্র এলাকায় যেতে হতো, যেখানে অমুসলিমদের প্রবেশ সীমিত।
তবে সাম্প্রতিক সময়ে সেই বাস্তবতায় পরিবর্তন এসেছে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্য বিষয়ে অভিজ্ঞ জ্যেষ্ঠ মুসলিম কূটনীতিকের সংখ্যা কমে যাওয়ায় এখন নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও কৌশলগত সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন নিয়োগ পাওয়া বিপুল ভারতীয় পররাষ্ট্রসেবার ১৯৯৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মিসর, শ্রীলঙ্কা, জেনেভা ও দুবাইয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও কূটনৈতিক বাস্তবতা সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাই এই নিয়োগের অন্যতম ভিত্তি বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। বরং এটি ভারতের পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তনের ইঙ্গিত, যেখানে রাষ্ট্রদূত নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও কৌশলগত প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বর্তমানে সৌদি আরব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে রিয়াদের প্রভাব ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে অভিজ্ঞ কূটনীতিককে দায়িত্ব দেওয়ার মাধ্যমে ভারত তার দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থ আরও শক্তিশালী করতে চাইছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
সাত দশকের পুরনো প্রথা ভেঙে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগের এই পদক্ষেপকে অনেকে প্রতীকী পরিবর্তনের পাশাপাশি ভারতের বাস্তববাদী কূটনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবেও দেখছেন।
সূত্র: গালফ নিউজ
এসি//
এসি//