খেলাধুলা

নীল-সাদা জার্সিতে মেসির শেষ ম্যাচ কাল, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বুধবার (০৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এসতাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি দিয়েই শেষ হতে যাচ্ছে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে ঐতিহাসিক এই ম্যাচ। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটির সরাসরি দেখা যাবে না। তবে অনলাইনে জি৫ প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।

৩৯ বছর বয়সী মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ফলে ঘরের মাঠে পূর্ণ গ্যালারির দর্শকদের সামনে শেষবারের মতো আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি। বিশেষ এই ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের সদস্য ও তাদের পরিবারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আর্জেন্টিনার হয়ে মেসির বড় সাফল্যের মধ্যে রয়েছে ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং একই বছরের ফিফা বিশ্বকাপ জয়।

মেসির পাশাপাশি ম্যাচটি আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের জন্যও বিশেষ হতে পারে। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথে রয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোও আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আর্জেন্টিনা #মেসি #লিওনেল মেসি