আন্তর্জাতিক

লেবানন ইস্যুতে নতুন সংঘাত, ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

উত্তর ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টাইমস অব ইসরাইল, আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির দাবি, লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই উত্তর ইসরায়েলের দিকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলের স্থানীয় সময় রোববার (০৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে হামলাটি সংঘটিত হয়। তাৎক্ষণিকভাবে ইরান কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বেজে ওঠে।

এর কিছুক্ষণ পর ইসরাইলি সামরিক বাহিনী জানায়, উত্তর ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

তাদের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে।

হামলার পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে স্কুলসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্র ও সেফ হোমে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার (০৬ জুন) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহ এলাকায় স্থানীয় সময় সন্ধ্যায় বিমান হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী (আইএএফ)। ওই হামলায় চার শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকাতেও বিমান অভিযান পরিচালনা করে আইএএফ। এতে লেবানিজ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেন, “আমরা বারবার সতর্ক করেছি যে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান মেনে নেবে না। আজ রাতে আমরা সেই আগ্রাসনের জবাব দিয়েছি।”

তিনি আরও বলেন, “এটি কেবল একটি সতর্কবার্তা। যদি অশুভ শক্তি এই বার্তা উপেক্ষা করে, তাহলে পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক এবং এর জন্য আগ্রাসনকারীদের বড় মূল্য দিতে হবে।”

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরাইলের উগ্র ডানপন্থি রাজনীতিক ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর এক্সে দেয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে।”

সূত্র : টাইমস অব ইসরাইল, আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #উত্তর ইসরাইল #ইরান #লেবানন