আন্তর্জাতিক

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই ইরানে হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।

সোমবার (০৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে রোববার (০৭ জুন) রাতে ইরান থেকে ইসরাইলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালিয়েছে।

ইরানের হামলার পর উত্তর ইসরাইলের হাইফাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। পাশাপাশি সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার পরই তেহরানের বিরুদ্ধে জবাবি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয় ইসরাইল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে ইরানের হামলাকে ঘিরে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন এবং তেহরানের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়ার দাবি তুলেছেন।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ‘সত্যের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে বলেন, ইসরাইলকে প্রমাণ করতে হবে যে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম একটি সার্বভৌম রাষ্ট্র।

অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, “আজ রাতে তেহরানকে অবশ্যই জ্বলতে হবে।”

তবে বিরোধী নেতা ইয়ার গোলানের দাবি, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের আরেকটি যুদ্ধে দেশকে জড়ানোর মতো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই।

 

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল