ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার (৮জুন) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৭ থেকে ৭.৮-এর মধ্যে ছিল। এর পরপরই ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।
জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে সংস্থাটি এর মাত্রা ৮.২ বলে উল্লেখ করলেও পরে তা সংশোধন করা হয়।
ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় এক মিটার বা তার চেয়েও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে এবং এই পরিস্থিতি কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।
তবে তাৎক্ষণিকভাবে ফিলিপাইন কিংবা ইন্দোনেশিয়ায় বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেঞ্জি আনচেতা জানান,সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কম্পনে একটি পুলিশ ভবনে ফাটল দেখা দেয়। এতে প্রবল ঝাঁকুনিতে কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন।
অন্যদিকে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের মানাদো শহরেও ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভূতাত্ত্বিকভাবে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। ফলে এ ধরনের ভূমিকম্প ওই অঞ্চলে প্রায়ই দেখা যায়। দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়ার পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা।
সূত্র - বিবিসি
পি/ডি