জাতীয়

ডেঙ্গু রুখতে সরকারের ব্যাপক প্রস্তুতি, ল্যাব টেস্টে ৮০% ছাড়

দেশে ডেঙ্গুর প্রকোপ রুখতে দেশজুড়ে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং বিশেষ চিকিৎসা প্রটোকলসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। মশার লার্ভা ধ্বংসে বিশেষ রাসায়নিক ব্যবহার এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তবে ভ্যাকসিন এখনো বিশ্বজুড়ে সর্বজনীন স্বীকৃতি না পাওয়ায়, এই মুহূর্তে তা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং উপদেষ্টা ড. জিয়া হায়দার উপস্থিত ছিলেন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিত্যক্ত বাথরুমের কমোড এবং গ্যারেজে পানি জমে থাকে, যা মশার প্রধান প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এসব জায়গায় নোভালিয়ুরন (Novaluron) নামক বিশেষ ট্যাবলেট ও লার্ভিসাইড স্প্রে করা হবে। স্থল ও জল উভয়পথেই সমানে স্প্রে কার্যক্রম চালানো হবে

সিটি করপোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ছাদ, ক্যানেল, মজা পুকুর ও গ্যারেজ নিয়মিত পরিষ্কার রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। সন্দেহভাজন বাড়িগুলোতে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং অবহেলা পাওয়া গেলে জরিমানার ব্যবস্থা করা হবে

তিনি আরও বলেন, বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০% সিট বরাদ্দ থাকবে, যেখানে ডাক্তার ফি ও বেড চার্জ ফ্রি (শুধু ওষুধ ও খাবারের খরচ লাগবে)। এছাড়া সব ডেঙ্গু রোগীর ল্যাব টেস্টে ৮০% ছাড় দেওয়া হবে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু