বর্তমান সরকারের চার মাস পূর্ণ হওয়ার আগেই হঠাৎ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (০১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
তার আকস্মিক পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। তিনি ওই আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নজির স্থাপন করেন। নির্বাচনের পর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, ২১৩টি কেন্দ্রের মধ্যে তিনি ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২ ভোট।
১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এসি//