ঢাকার ভারতীয় দূতাবাস বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পোস্টে বাংলাদেশ ও ভারতের জনগণের অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশের একসঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
ভারতীয় দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে সমবেত হয়েছে, তখন দূতাবাস ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছে। এই ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাঁদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে নিয়ে গিয়েছিল বলে পোস্টে উল্লেখ করে দূতাবাস।

পোস্টে ভারতীয় দূতাবাস আরও জানায়, তখনকার মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। পোস্টে বলা হয়, ‘ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।’
জিয়াউর রহমান ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।
এসি//