জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর দীর্ঘদিনের অবদান, পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাই দা শিনিচি।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক’ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত মন্তব্য করেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
বিশেষ করে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিনের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশি সৈন্য ও পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিবৃতিতে গত বছর সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় নিহত ছয় বাংলাদেশি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটি মানবতার প্রতি সর্বোচ্চ অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
পাশাপাশি, বাংলাদেশসহ আন্তর্জাতিক সহযোগীদের সাথে মিলে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
আর/আই