ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই বাহিনীর সহযোগিতা বাড়ানো হলে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন পেজেশকিয়ান। একই সঙ্গে নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের কৌশলগত স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরানি জনগণের অবস্থান ও আঞ্চলিক বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শাহরাম ইরানি বলেন, ‘অঞ্চলে আগের মতো নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। এজন্য আঞ্চলিক বাস্তবতা স্বীকার করা এবং যেসব পদক্ষেপ জাতিগুলোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, সেগুলো এড়িয়ে চলা প্রয়োজন।’
এছাড়া আঞ্চলিক দেশগুলো ও তাদের শাসকদের নিজেদের অবস্থান কোন পক্ষের সঙ্গে, তা বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এমএ//