বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইল বৈধতা ও জনসমর্থনের সংকটে পড়লেও ভারতে তাদের অবস্থান এখনো শক্তিশালী বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক বিশেষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারত ও ইসরায়েলের সম্পর্ককে “চমৎকার” ও “অনন্য” বলে উল্লেখ করেন।
নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক জায়গায় ইসরাইলকে ঘিরে নানা ধরনের বৈধতা সংকট ও সমালোচনা থাকলেও ভারতে তেমন কোনো পরিস্থিতি নেই। তার ভাষায়, ভারতে ইসরাইলের প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসা “অবিশ্বাস্য” পর্যায়ের।
তিনি আরও দাবি করেন, বর্তমানে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতেই ইসরাইলের সবচেয়ে বেশি সমর্থক রয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী এর আগেও একাধিকবার ভারতে নিজের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলেছেন। ২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে নয়াদিল্লি সফরের স্মৃতিচারণ করে তিনি সেটিকে “ভালোবাসার উৎসব” হিসেবে বর্ণনা করেন।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 Minutes-এ অংশ নিয়েও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, ভারতের ১৪০ কোটির বেশি মানুষের মধ্যে ইসরাইলের প্রতি গভীর শ্রদ্ধাবোধ রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন।
নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরাইল ও তার ব্যক্তিগত জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত মিলছে।
সম্প্রতিপিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জরিপে দেখা যায়, ৬০ শতাংশ মার্কিন নাগরিক এখন ইসরাইলকে নেতিবাচকভাবে দেখছেন। গত বছর এই হার ছিল ৫৩ শতাংশ। একই সঙ্গে বৈশ্বিক বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের ওপর আস্থা নেই বলে জানিয়েছেন ৫৯ শতাংশ মার্কিন নাগরিক।
নিজের ভাবমূর্তি সংকটের জন্য নেতানিয়াহু পাকিস্তানকে দায়ী করেছেন। তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট ফার্ম’ ব্যবহার করে পাকিস্তান উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসরাইলবিরোধী প্রচারণা চালাচ্ছে।
তার দাবি, আমেরিকান পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে—আগে ইসরাইলকে সমর্থন করলেও এখন আর সমর্থন করা যাচ্ছে না। কিন্তু অনুসন্ধান করলে দেখা যায়, এসব পোস্ট পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এসি//