গরমে সুস্থ থাকতে পানি পানের কোনো বিকল্প নেই। তাই বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন ধরনের পানীয় পানের পরামর্শও দেন । এ ক্ষেত্রে গরমে শরীর ঠাণ্ডা রাখতে ডাবের তুলনা নেই। কিন্তু এর দাম বেশি হওয়ায় তা সবার হাতের নাগালের মধ্যে থাকে না। এ কারণে অনেকেই লবণ-চিনি দেওয়া লেবুর শরবত খেয়ে থাকেন।
এখন প্রশ্ন হলো- গরমে শরীরের আর্দ্রতা বজায় রাখতে কোন পানীয়টি বেশি উপকারী, ডাবের পানি নাকি লেবুর শরবত?
এ ব্যাপারে পুষ্টিবিদরা বলছেন, ডাবের পানি প্রাকৃতিকভাবে শক্তি যোগায়। এতে ত্থাকা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো শরীরের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে। এ ছাড়া ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা গরমে ঘেমে ক্লান্ত হলেও ঝটপট শক্তি জোগায়।
পুষ্টিবিদরা বলছেন, শরীরের পিএইচের ভারসাম্য রক্ষা করতে শরবতে লেবুর রস খুবই উপকারী। লেবুর রসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট যা রোগ প্রতিরোধে সাহায্য করে।
তবে শরীরের আর্দ্রতা বজায় রাখতে পুষ্টির বিচারে দুটি পানীয়ই উপকারী। শরীরের ইলেক্ট্রোলাইটের ঘাটতি হলে, পটাশিয়ামের অভাবে পেশিতে টান ধরলে, গরমে ঘেমে ক্লান্ত হয়ে পড়লে কিংবা ডিহাইড্রেশনের সমস্যাতেও কাজে দেয় ডাবের পানি।
অন্যদিকে ডাবের পানির মতো শরীরে খনিজের অভাব পূরণ করতে না পারলেও অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে লেবুর শরবত। এই পানীয়টি আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। কিন্তু, এই পানীয়তে লবণ কিংবা চিনি দেওয়া হয়। এ কারণে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের লেবুর শরবত খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে গরমে সতেজ থাকতে দুটি পানীয়ই খাওয়া যেতে পারে। তবে কার শরীরে কী প্রয়োজন, সেই বুঝে পানীয় বেছে নেয়াই ভালো।
পিডি