দুই পা হারালেও মনোবল হারাননি রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। শুধুমাত্র দুই হাতের সাহায্যে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো পা-বিহীন ব্যক্তি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
শুক্রবার (২২ মে) এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতম তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, রুস্তাম নাবিয়েভ একজন সাবেক রুশ প্যারাট্রুপার ছিলেন। ২০১৫ সালে একটি দুর্ঘটনায় তিনি তার দুই পা হারান। নেপালে চলমান (২০২৬) বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে তিনি এই কীর্তি গড়েন।
রুস্তাম নাবিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বুধবার (২০ মে) নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি শৃঙ্গের চূড়ায় পৌঁছান।
এই ঐতিহাসিক সাফল্যের পর এভারেস্টের চূড়ায় তোলা একটি ছবি পোস্ট করেন তিনি বলেন, ‘ যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য’।
তিনি আরও বলেন, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধুমাত্র দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। এই অর্জন তিনি তার শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছেন।
তার এই অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। একজন মন্তব্য করে বলেছেন, কোনো কিছুই অসম্ভব নয় মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।
আর/ আই