জাতীয়

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

বায়ান্ন প্রতিবেদন

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু (৮ হাজার ৪৮৫ মিটার) জয় করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। এই কৃতিত্বের মাধ্যমে তিনি বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার কোনো শৃঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে পদার্পণ করলেন।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি দুর্গম এই শৃঙ্গে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

“এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার” শীর্ষক এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালি সংস্থা ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর বরাতে বিষয়টি নিশ্চিত করেন।

এই অভিযানে বাবর আলীর সঙ্গে ছিলেন আং কামি শেরপা। স্থানীয়দের কাছে মাকালু “গ্রেট ব্ল্যাক ওয়ান” বা “মহা-কালো” নামে পরিচিত।

জানা যায়, গত ৭ এপ্রিল ঢাকা ছাড়েন বাবর আলী। ৯ এপ্রিল টুমলিংটার থেকে যাত্রা শুরু করে ১৮ এপ্রিল তিনি মাকালুর বেসক্যাম্পে পৌঁছান। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ২১ এপ্রিল ক্যাম্প-১ এবং ২২ এপ্রিল ক্যাম্প-২ (৭ হাজার মিটার) পর্যন্ত উঠে আবার বেসক্যাম্পে ফিরে আসেন তিনি। পরে আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষায় কিছুদিন বিরতি নেন।

গত ৩০ এপ্রিল তিনি চূড়ান্ত অভিযানে যাত্রা শুরু করেন এবং দ্রুত ক্যাম্প-২ (৬৬০০ মিটার) ও ক্যাম্প-৩ (৭৪০০ মিটার) অতিক্রম করেন। ১ মে মধ্যরাতে শুরু হয় মূল শিখর অভিযান। টানা ১১০০ মিটারের বেশি খাড়া ও বিপজ্জনক পথ অতিক্রম করে অবশেষে ২ মে ভোরে তিনি মাকালুর চূড়ায় পৌঁছান।

এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের মধ্যে পাঁচটি জয় করলেন বাবর আলী। এর আগে তিনি ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে জয় করেন, যা কোনো বাংলাদেশির প্রথম সাফল্য। ২০২৫ সালের এপ্রিলে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করেন এবং সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু জয় করেন। সর্বশেষ যুক্ত হলো মাকালু জয়।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর আলী বর্তমানে ক্যাম্প-২-এ অবস্থান করছেন এবং আগামীকাল রোববার (০৩ মে) বেসক্যাম্পে নামার কথা রয়েছে।

পেশায় চিকিৎসক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। তার এই ঐতিহাসিক অর্জনে পৃষ্ঠপোষকতা করেছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ #মাউন্ট মাকালু #বাবর আলী