কক্সবাজারে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩০ পর্যটক। ভুক্তভোগী সবাই রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী। এ ঘটনায় অভিযানে নেমে আল-গণি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
শুক্রবার (১৫ মে) গভীর রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে একে একে ভর্তি হন অসুস্থ পর্যটকেরা। তাঁদের মধ্যে কয়েকজন বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথায় ভুগছিলেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানবী জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থ পর্যটকেরা জানান, ১৩০ সদস্যের একটি দল শিক্ষা সফরে কক্সবাজারে যান। দিনভর সৈকত ভ্রমণের পর রাতে শহরের সুগন্ধা পয়েন্টের আল-গণি রেস্টুরেন্টে বারবিকিউ খাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
ডা. তানবী জান্নাত বলেন, রাত সাড়ে ১১টার পর থেকে পর্যটকেরা হাসপাতালে আসতে শুরু করেন। একটি দলের অন্তত ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা গেছে।
তিনি আরও বলেন, আক্রান্তদের স্যালাইন, ওষুধ ও পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে শনিবার তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আব্দুল মোমিন বলেন, ‘শিক্ষা সফরে এসে এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।’
ঘটনার পর আজ ১৬ মে বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে আল-গণি রেস্টুরেন্টের সুগন্ধা পয়েন্ট শাখায় অভিযান চালায়। অভিযানে খাবার তৈরির স্থান অস্বাস্থ্যকর পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন শহরের হোটেল সী প্যালেসের রেস্টুরেন্টেও অভিযান চালিয়ে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। রেস্টুরেন্টকেও একই পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, অভিযানে রেস্টুরেন্টটির খাবার প্রস্তুত পরিবেশে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে আল-গণি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে, তাদের রেস্টুরেন্টের খাবার নয়, অন্য কোথাও খাবার খেয়ে পর্যটকেরা অসুস্থ হয়েছেন।
আই/এ