আন্তর্জাতিক

শি-ট্রাম্প বৈঠক শুরু, সম্পর্ক উন্নয়নের বার্তা দুই নেতার

আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে মুখোমুখি বৈঠকে বসেছেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত এ বৈঠকের শুরুতেই দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকের আগে শি জিনপিং বলেন, দুই দেশের মধ্যে মতভেদ থাকলেও অভিন্ন স্বার্থের জায়গা আরও বড়। তিনি ট্রাম্পকে বেইজিংয়ে স্বাগত জানিয়ে বলেন, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য চীন ও যুক্তরাষ্ট্রের সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট। তিনি জানান, ২০২৬ সাল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় বছর হয়ে উঠতে পারে।

অন্যদিকে বৈঠকের শুরুতেই শি জিনপিংয়ের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই নেতার ব্যক্তিগত সম্পর্ককে “চমৎকার” বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, চীনের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং শি জিনপিং একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা। 

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে দেশটির শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রয়েছেন এবং সবাই বৈঠকটি নিয়ে আশাবাদী।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তিনি সম্মানের মনে করেন এবং ভবিষ্যতে ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ভালো হবে বলে বিশ্বাস করেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুই দিনের সরকারি সফরে বেইজিংয়ে পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। মূলত মার্চে সফরটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরান সংকটের কারণে তা পিছিয়ে যায়।

সফরে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি খাত, তাইওয়ান ইস্যু এবং ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চীন #শি জিনপিং #ডোনাল্ড ট্রাম্প #যুক্তরাষ্ট্র