দেশজুড়ে

ক্লাস চলাকালেই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, বিষক্রিয়ার সন্দেহ

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ করে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার প্রভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে, তবে সঠিক কারণ এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি।

বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষকরা জানান, হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে একই উপসর্গ দেখা দিতে শুরু করে আরও অনেকের মধ্যে। একপর্যায়ে বিভিন্ন শ্রেণির প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার পর দ্রুত স্থানীয় প্রশাসন, থানা পুলিশ, উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। উদ্ধারকর্মীরা অসুস্থ শিক্ষার্থীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পাশাপাশি অনেক অভিভাবক নিজ উদ্যোগে সন্তানদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পরিস্থিতি জানতে ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছু শিক্ষার্থী সম্ভাব্য বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। একই সঙ্গে আতঙ্ক ও প্যানিক অ্যাটাকের কারণেও অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ শিক্ষার্থীকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে। অনেকেই সুস্থ বোধ করায় বাড়ি ফিরে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানিয়েছেন, ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত চলছে। শ্বাসকষ্ট ও অজ্ঞান হওয়ার মতো উপসর্গ নিয়ে শিক্ষার্থীরা হাসপাতালে এলেও বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ঈশ্বরদী