আন্তর্জাতিক

২ দিনের সফরে বেইজিং পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

দুই দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান। এ সময় সামরিক গার্ড অব অনার, ব্যান্ড দলের পরিবেশনা এবং পতাকা হাতে তরুণদের অংশগ্রহণে বিশেষ আয়োজন করা হয়। 

ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে প্রযুক্তি খাতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। বিমানবন্দরে ইলন মাস্ক এবং ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পকে দেখা গেছে।

প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। মূলত মার্চে সফরটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরান সংকটের কারণে তা পিছিয়ে যায়।

সফরে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি খাত, তাইওয়ান ইস্যু এবং ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ট্রাম্প বলেন, ইরান সংকট মোকাবিলায় শি জিনপিংয়ের সহায়তা তার প্রয়োজন নেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তিনি চীনের বাজারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরও বিস্তৃত প্রবেশাধিকার চাওয়ার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি শি জিনপিংকে “অত্যন্ত মর্যাদাসম্পন্ন ব্যক্তি” হিসেবেও উল্লেখ করেন।

অন্যদিকে, গেল অক্টোবরে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে চায় বেইজিং। 

সফরসূচি অনুযায়ী, ট্রাম্প বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন। এছাড়া চীনের রাষ্ট্রীয় পরিষদের কেন্দ্রীয় সদর দপ্তর পরিদর্শনেরও কথা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্র্যাম্প #চীন