দেশজুড়ে

কুড়িগ্রামে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল,গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি  জানায়, সীমান্তের প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,“চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি জিরো টলারেন্সনীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।

অন্য দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকা লালমনিরহাট ১৫ বিজিবি অধিনে থাকায় এ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি