আন্তর্জাতিক

মার্কিন অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে তেল নিয়ে এশিয়ায় পৌঁছাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ অতিক্রম করে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় ২২ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।

রোববার (০৩ এপ্রিল) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন এই ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ারটি প্রায় ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল পরিবহন করছে। এক সপ্তাহের বেশি আগে জাহাজটি সর্বশেষ শ্রীলংকার উপকূলে দেখা যায়। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে।

মার্কিন নজরদারি এড়াতে জাহাজটি গত ২০ মার্চ মালাক্কা প্রণালি অতিক্রমের পর থেকেই তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখেছিল। আরও জানা যায়, ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের ওপর নতুন করে কঠোর অবরোধ আরোপের সময় জাহাজটি তখন ইরানের জলসীমার মধ্যেই অবস্থান করছিল।

রাডারের আড়ালে থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে গন্তব্যে পৌঁছানোর ঘটনাকে বিশ্লেষকরা মার্কিন অবরোধ ব্যবস্থার একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন।

এদিকে ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ২৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৫২টি ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ ভেঙে সফলভাবে চলাচল করতে সক্ষম হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী দাবি করছে, তারা এ পর্যন্ত ৪১টি ইরানি জাহাজকে তাদের পথ পরিবর্তনে বাধ্য করেছে।

ওয়াশিংটনের দাবি, এই অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়ে কোটি কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং অনেক তেল মজুত করে রাখতে বাধ্য হচ্ছে দেশটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #তেলবাহী জাহাজ #এশিয়া–প্যাসিফিক অঞ্চল #মার্কিন নৌবাহিনী